স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। ম্যানইউর হয়ে গোল করেছেন রোমেলু লুকাকু ও আলেক্সিস সানচেজ।
শনিবার ওল্ড ট্রফোর্ডে দর্শকদের উল্লাসে ভাসাতে বেশি সময় নেয়নি ম্যানইউ। ম্যাচের ৫ মিনিটের মাথায় রোমেলু লুকাকু গোল করে এগিয়ে নেন হোসে মরিনহোর দলকে। তাকে গোলে সহায়তা করেন আলেক্সিস সানচেজ। ২০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সানচেজ। তাতে ২০ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রেড ডেভিলসরা।
ম্যাচের বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হজম করেনি সোয়ানসি। গোল শোধও দিতে পারেনি তারা।
এই জয়ের ফলে ৩১ ম্যাচের ২১টিতে জিতে ৯টিতে ড্র করে ও ৪টিতে হেরে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানইউ। ৩০ ম্যাচ থেকে ৮১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। ৩১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে সোয়ানসি সিটি রয়েছে ১৫তম স্থানে।

