নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ছয় বছরে অগ্নিকাণ্ড হয়েছে ৮৮ হাজার। এতে নারী, পুরুষ ও শিশুসহ মৃত্যু হয়েছে ১ হাজার ৪০০ জনের। এ সময় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ২৯ হাজার কোটি টাকারও বেশি। এমনটাই জানিয়েছেন ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউএসএসএবি) প্রেসিডেন্ট মো. মোতাহার হোসেন খান।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ইউএসএসএবির আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এ সংগঠনের পক্ষ থেকে পঞ্চম বারের মতো ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৮ এর আয়োজন করেছি। যা আগামী ৫ থেকে ৭ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আগামী ৫ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
মোতাহার হোসেন জানান, রাজধানীর বিভাগীয় শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে আগুনে পুড়ছে ঘরবাড়ি দোকানপাট অফিস-আদালত। আর সচেতন হলেই অনেকাংশে অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই আমরা বিভিন্নভাবে অগ্নিকাণ্ডের কারণগুলো চিহ্নিত করে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং প্রশিক্ষণসহ নির্বাপনের সরঞ্জামগুলোর সম্পর্কে ধারণা দেব। আর এতে মানুষ সচেতন থাকবে এবং আগুনের ভয়াল থাবা থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে।
এতে দেশি-বিদেশি ৩০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এক্সপোতে মোট ৬০টি স্টল থাকবে। মেলার কো-পার্টনার হিসেবে থাকবে ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স, বিজিএমইএ, বিকেএমইএ, এবং এনএফপিএ।

