স্পোর্টস ডেস্ক : মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন তিনবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস। র্যাঙ্কিংয়ের ৯৩ নম্বর খেলোয়াড় ড্যানিয়েলি কলিন্সের কাছে হেরেছেন অষ্টম বাছাই এই আমেরিকান তারকা।
বৃহস্পতিবার শেষ আটে ৩৭ বছর বয়সি ভেনাসকে হারাতে কলিন্সের লেগেছে মাত্র এক ঘণ্টা ২৯ মিনিট। সাতবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন স্বদেশী ভেনাসকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন কলিন্স। র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ কোনো খেলোয়াড়ের বিপক্ষে এটিই ২৪ বছর বয়সি কলিন্সের প্রথম জয়। সেমিফাইনালে তিনি ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কোর মুখোমুখি হবেন।
লাটভিয়ার ২০ বছর বয়সি ওস্তাপেঙ্কো কোয়ার্টার ফাইনালে র্যাঙ্কিংয়ে চারে থাকা এলিনা সিভিটোলিনাকে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। মেয়েদের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্লোন স্টেফেন্স ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।

