স্পোর্টস ডেস্ক : মাঠে বিচক্ষণ সিদ্ধান্ত আর পেশাদারিত্বের জন্য বৃটিশ রেফারিদের আলাদা একটা সুনাম রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আসছে রাশিয়া বিশ্বকাপে এবার কেনো বৃটিশ রেফারি থাকছেন না। বিশ্বকাপে গত ৮০ বছরের মধ্যে এবারই এমনটা হতে যাচ্ছে।
সবশেষে ১৯৩৮ সালের বিশ্বকাপে থাকতে পারেননি বৃটিশ কোনো রেফারি। এবার রাশিয়া বিশ্বাকাপেও সেই ঘটনা ঘটতে যাচ্ছে। জুনে শুরু হওয়া বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য ৩৮ জন রেফারি চূড়ান্ত করেছে ফিফা। কিন্তু তাদের মধ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস কিংবা নর্দান আয়ারল্যান্ডের কোনো রেফারি নেই।
ফিফার লম্বা তালিকায় অবশ্য একমাত্র বৃটিশ রেফারি হিসেবে মার্ক ক্লাটেনবার্গের নামটি ছিল। রাশিয়া বিশ্বকাপের জন্য তার মনোনীত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু চাকরি ছেড়ে দেওয়ায় সেটি আর হয়নি। ক্লাটেনববার্গ ২০১৬ সালে ইউরোর ফাইনালের রেফারির হিসেবে ছিলেন। এরপর সৌদি আরবের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব নিতে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড থেকে বিদায় নেন তিনি। তার পরিবর্তে বৃটিশ অন্য রেফারিকে তালিকাভুক্ত করার জন্য ফিফাকে অনুরোধ করেছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু তাদের সেই অনুরোধ রক্ষা করেনি বিশ্ব ফুটবলের সর্বো্চ্চ সংস্থা ফিফা।
প্রধান রেফারি ছাড়াও ফিফার ৬৩ সহকারী রেফারির তালিকাতেও কোনো বৃটিশ রেফারি নেই। ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পরবর্তীতে রেফারিদের পুল থেকে বাছাই করা হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১২ বছরের জন্য বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। ১৯৫০ বিশ্বকাপের পর থেকে সবগুলো আসরেই কমপক্ষে একজন করে বৃটিশ রেফারি বিশ্বকাপে দায়িত্ব পালন করে আসছিলেন।

