ঢাকাWednesday , 28 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার মঞ্চে শারীরিক প্রতিবন্ধী শিল্পীরা

Link Copied!

বিনোদন ডেস্ক : যুক্তরাজ্যের গ্রায়েফ থিয়েটার, ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে তিন বছরের একটি প্রকল্প হাতে নিয়েছিল। প্রকল্পের লক্ষ্য ছিল উইলিয়াম শেক্সপিয়রের ৪০০তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানানো। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী শিল্পীরা অভিনয় করলেন ‘অ্যা ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’ নামে একটি মঞ্চ নাটকে।
এ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো মঞ্চনাটকে অভিনয় করলেন বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী শিল্পীরা। নাটকটি চিত্রধারণ করে ঢাকা থিয়েটারের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে প্রদর্শনের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। নাটকটি পরিচালনা করেছেন জেনিসিলে। প্রযোজনা করেছেন ঢাকা থিয়েটারের নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরে ‘অ্যা ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটির প্রদর্শন করা হবে। তারই ধারাবাহিকতায় আজ বুধবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে নাটকটি প্রদর্শিত হবে। এরপর ১২ এপ্রিল খুলনা গণ গ্রন্থাগার, ২১ এপ্রিল বরিশাল বিভাগীয় গণ গ্রন্থাগার, ২৮ এপ্রিল কক্সবাজার সরকারি বিভাগীয় গ্রন্থাগার ও ১২ মে সিলেটের বিভাগীয় সরকারি গণ গ্রন্থাগারে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা ১৭০জন শারীরিক প্রতিবন্ধী থেকে ১৬জন শিল্পীকে বাছাই করে এই নাটকে অভিনয়ের সুযোগ দেয়া হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা এসেছেন সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি-বাংলাদেশ), বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) এবং বাংলাদেশ রিফর্ম ইনিশিয়েটিভস ফর ডেভেলপমেন্ট, গভর্ন্যান্স অ্যান্ড ইম্পাওয়ারমেন্ট (ব্রিজ) ও গ্রাম থিয়েটারের মতো প্রতিষ্ঠান থেকে।