সাতক্ষীরা সংবাদদাতা : ভোমরা স্থলবন্দর সীমান্তের নিকটবর্তী লক্ষীদাঁড়ি জিরোপয়েন্টে এক হুন্ডি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ হওয়া ব্যবসায়ীর নাম মো. আলিমুদ্দিন (৩২)। তিনি ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের মো. আনারউদ্দিন গাজির ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে হুন্ডির সাড়ে ১০ লাখ টাকা।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার আতাহার আলি জানান, আলিমুদ্দিন বিজিবির চেকপোস্ট দিয়ে ভোমরা বন্দরের দিকে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে পেছন থেকে পরপর দুইটি গুলি করে। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। বিজিবি এসময় সাড়ে দশ লাখ টাকাসহ তাকে আটক করে ।
তিনি আরো জানান, এই টাকা হুন্ডির টাকা। ভারত থেকে তা পাচার করা হচ্ছিল। আহত আলিমুদ্দিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

