সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারাপ্রাপ্ত) আনিসুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে আয়েশা আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী।
সোমবার রাতে উপজেলার খাস পুখুরিয়া ইউনিয়নের বৈন্যা নতুনপাড়ায় এ ঘটনা ঘটে। আয়েশা ওই গ্রামের রুস্তম আলী মোল্লার মেয়ে।
মঙ্গলবার সকালে ইউএনও আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়ার তোফাজ্জল মোল্লার ছেলে মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলামের (২৮) সঙ্গে আয়েশার বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে কাজী ও বরকে আটক করা হয়। কনের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর কাজী ও বরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ও খাস পুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার।

