নিউজ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের মুক্তি দিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজাধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।’
‘আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য প্রথমেই গণতন্ত্রের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, যে সকল রাজবন্দি রয়েছে তাদের মুক্ত করে দেশে নির্বাচনের জন্য দাবি জানাচ্ছি।’
তিনি জানান, বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আন্দোলন করছে। এতে বিজয়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।
এ সময় বিএনপি নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, আদুস সালাম, আবদুল কাইয়ুম, হাবিবুর রহমান হাবিব, কবীর মুরাদ, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, হাবিবুল ইসলাম হাবিব, নাজিমউদ্দিন আলম, কামরুজ্জামান রতন, নুরে আরা সাফা, আমিনুল ইসলাম, দেওয়ান মো. সালাউদ্দিন, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রফিক শিকদার, আখতার হামিদ ডাবলু, শাহ আবু জাফর উপস্থিত ছিলেন।
অঙ্গ সংগঠনের মধ্যে আনোয়ার হোসেইন, নুরুল ইসলাম খান নাসিম, আহসানউল্লাহ হাসান, ইউনুস মৃধা, মোরতাজুল করীম বাদরু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, আফরোজা আব্বাস, সাদেক খান, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হাফেজ আবদুল মালেক, শায়রুল কবির খান, মামুনুর রশীদ, আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ছাড়াও মহানগর বিএনপি, যু্বদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
এর আগে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
স্বাধীনতা দিবস স্মরণে দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সম্বলিত বিভিন্ন রঙের পোস্টার বের করা হয়েছে। কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে ক্রোড়পত্র। দিবসটি উপলক্ষে রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় আলোকসজ্জা করবে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
এদিকে বিকাল ৩টায় নয়াপল্টনে মহানগর কার্যালয়ে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা উপস্থিত থাকবেন সেখানে।
মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীতে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি বের করবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে।

