ঢাকাSaturday , 24 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের নজির নেই

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, এমন নজির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই আসে না।
বিএনপির চার দফা দাবি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন করবে, কি করবে না, সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহায়তা করবে।
তিনি বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে যেতে হবে।
এর আগে ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করা হবে বলে জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।