
মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. বজলুর রশীদ এবং ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)’র প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমানের সাথে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীসহ অন্যান্যরা
নিজস্ব প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের আওতাধীন ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)’র উদ্যোগে ফেনীর ছাগলনাইয়ায় উন্নত ব্রুড মাছ উৎপাদন ও প্রজনন পদ্ধতি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া মৎস্য বীজ উৎপাদন খামারে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় ২৫ জন মৎস্য চাষি, পোনা ব্যবসায়ী, হ্যাচারি ও নার্সারির মালিক অংশগ্রহণ করেন।
গত ১৪ মার্চ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. বজলুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)’র প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমান। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা (ফেনী) ড. মো. মনিরুজ্জামান, ছাগলনাইয়া মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ফনীর আহমদসহ সংশ্লিষ্ট আরো অনেকে আরো উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমান বলেন, রুই, কাতলা ও মৃগেল মাছ চাষের ক্ষেত্রে অন্তঃপ্রজনন ও সংকরায়ন রোধ করা সম্ভব হলে মাছের উৎপাদন কাঙ্ক্ষিত হারে বৃদ্ধি করা সম্ভব। বর্তমানে সরকারি খামারগুলোতে রুই, কাতলা ও মৃগেলের উন্নত ব্রুড পাওয়া যাচ্ছে উল্লেখ করে চাষিদের শুধুমাত্র এসব খামার থেকে ব্রুডের পোনা সংগ্রহ করে মাছ চাষের আহ্বান জানান তিনি।
কর্মশালায় মাছের কৃত্রিম প্রজননের ইতিহাস, অন্তঃপ্রজনন, সংকরায়ন, ব্রুড মাছের ঋণাত্মক নির্বাচন, ব্রুড মাছের উন্নয়ন, উন্নত ব্রুড মাছ উৎপাদনের কলাকৌশল, ব্রুড মাছের ব্যবস্থাপনা, প্রজনন পদ্ধতি, প্রাকৃতিক পরিবেশে মাছের প্রজনন কৌশল, প্রাকৃতিক প্রজননের পরিবেশ ও হরমোনের প্রভাব, কৃত্রিম প্রজননের ফলাফল, মাছের জিন ব্যাংক, ইনসিটু পদ্ধতি, এক্সসিটু পদ্ধতি, ক্রায়ো প্রিজারভেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

