ঢাকাMonday , 5 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় দিনের মতো উত্তাল শাবি

Link Copied!

সিলেট প্রতিনিধি : জনপ্রিয় লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাবি ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
হামলাকারীর শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রনিকস অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি হলের সামনে মানববন্ধন করছেন।
এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করছেন। বেলা ১১টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতীকী কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। দুপুর ১টায় তাদের কর্মসূচি শেষ হবে।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী জাফর ইকবালের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কয়েকটি দাবি উত্থাপন করেছেন। তারা জানিয়েছেন তাদের দাবি পূরণ হওয়া না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের দাবির মধ্যে রয়েছে- জাফর ইকবালের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং সঠিক তথ্যসমুহ প্রকাশ করতে হবে, এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুততম সময়ের ভেতরে বিচার নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, দ্রুততম সময়ে ক্যাম্পাসে সীমানাপ্রাচীর নির্মাণ করতে হবে, নিরাপত্তা ইস্যু সুষ্ঠু সমাধানের নামে হয়রানিমূলক নিয়মনীতি প্রণয়ন না করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি অনুষ্ঠানে জাফর ইকবালকে ফজয়ুর রহমান নামে এক ব্যক্তি ছুরিকাঘাত করে। এরপর আহত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য জাফর ইকবালকে ঢাকায় পাঠানো হয়। শনিবার রাত ১০টা ২৩ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে শাবি প্রশাসন।