সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের পাকাপোলের মোড়ে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
মেসার্স আধুনিক এন্টারপ্রাইজের মালিক শেখ সাব্বির হোসেন বলেন, রাত ১টার দিকে দোকানপাট বন্ধ করে আমরা বাড়ি যাই। রাত আড়াইটার দিকে খবর পাই দোকানে আগুন লেগেছে। তিনি জানান, তার দোকানসহ পাশের ৫টি ফলের দোকান ও পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, শহরের পাকাপোলের মোড়ে আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ৫টি ফলের দোকান ও একটি কসমেটিস্ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

