কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে একটি বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচজন।
শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লামা উপজেলার আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী। তবে হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি। নিহত চারজনই মাইক্রোবাসের যাত্রী।
ওসি বখতিয়ার বলেন, শনিবার সকালে চট্টাগ্রাম-কক্সবাজার মহাসড়কের লামার আজিজনগর এলাকায় কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং ছয়জন আহত হয়।। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।| নিহতদের লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান ওসি।

