নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছুরিকাঘাতে আহত দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শুভ, শামীম, সুজনসহ পাঁচজন।
শুক্রবার চারজনকে রাজধানীর যাত্রাবাড়ী ও একজনকে ঝালকাঠি জেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সবার বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বুধবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাকিবুল ও তার সহপাঠী ইমরান হোসেন মুন্না (১৫) ছুরিকাঘাতে আহত হন। এর পরদিন বৃহস্পতিবার মার্চ ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল মারা যান। তার বন্ধু ইমরান এখনো ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনই যাত্রাবাড়ী মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় বৃহস্পতিবার রাকিবুলের মা ময়না বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন আহত মুন্না জানিয়েছিলেন, কাজলা এলাকায় তারা বেড়াতে গেলে ১০-১২ জন যুবক তাদের ওপর চড়াও হন। এ সময় একজন তাদের ছুরিকাঘাত করেন এবং রাকিবুলের কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যান। তবে তাদের কাউকে তিনি চিনতে পারেননি।

