ঢাকাTuesday , 27 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদালত থেকে হাতকড়াসহ আসামির পলায়ন

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর আদালত থেকে ইব্রাহিম (৩৫) নামে এক আসামি পালিয়ে গেছেন। ইব্রাহিম রাজশাহী নগরীর বিলশিমলা এলাকার মো. আশরাফের ছেলে। পালানোর সময় মাদকসেবী এই আসামি পুলিশের হাতকড়া নিয়ে গেছে। রাজশাহী মহানগর জজ আদালতের পরিদর্শক আবুল হাসেম জানান, আসামি ইব্রাহিমের বিরুদ্ধে নগরীর দুটি থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি এক মাসের সাজাপ্রাপ্ত। আরেকটি মাদকের মামলায় আজ মঙ্গলবার আদালতে তার হাজিরা ছিল।
এ জন্য তাকে কারাগার থেকে নিয়ে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালত-৩ এ হাজির করা হয়। ওই আদালতের কাঠগড়ায় তিনজন আসামি ছিলেন। আর দায়িত্বে ছিলেন পুলিশ সদস্য মাসুদ হোসেন। আদালতের কার্যক্রম শুরুর পর দুপুর ১২টার দিকে আসামি ইব্রাহিম কাঠগড়া থেকে পালিয়ে যায়।
পরিদর্শক আবুল হাসেম জানান, কাঠগড়ায় দুই আসামিকে একসঙ্গে একটি হাতকড়া পরানো ছিল। আর ইব্রাহিমকে একটি হাতকড়া পরানো ছিল। পুলিশ অন্য দুই আসামির দিকে নজর দিলে ইব্রাহিম হাতকড়া নিয়ে দৌড় দেয়। এরপর পুলিশ তার পিছু নিলেও দুপুর ২টা পর্যন্ত তাকে ধরা যায়নি।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আসামি পালিয়ে যাওয়ার পর বিষয়টি তাকে জানানো হয়। তিনি আদালতে গিয়ে এ ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। আদালত থেকে পালানোর অপরাধে ইব্রাহিমের বিরুদ্ধে আরেকটি মামলা করা হবে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, কীভাবে আসামি পালিয়েছে তা তদন্ত করে দেখা হবে। এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।