রাজশাহী প্রতিনিধি : ৫২’র ২১ ফেব্রুয়ারি রাতেই রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের প্রধান ফটকের পাশে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। পরে সেটি তৎকালীন পুলিশ বাহিনী গুড়িয়ে দেয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইন উদ্বোধনকালে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, ‘রাজশাহীর ভাষা আন্দোলন পরিচালিত হত ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ থেকেই।’
ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আল ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজনীন সুলতানা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল খালেক ও হুমায়ুন রেজা।
ক্যাম্পেইন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে র্যালি বের হয়। এতে অংশ নেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। র্যালিটি কলেজের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান বলেন, ‘বাঙালির সকল গৌরবোজ্জ্বল ইতিহাসে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে রাজশাহী কলেজের নাম। ঢাকার ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে তাল রেখে রাজশাহীর ভাষা আন্দোলন পরিচালিত হত।’
তিনি বলেন, ‘ভাষার দাবি আদায় হয়েছে বহু আগেই। ৫২’র পথ ধরে এসেছে একাত্তর। মহান মুক্তিযুদ্ধ এবং রক্তস্নাত বাংলাদেশ। এরই মধ্যে পেরিয়েছে স্বাধীনতার দীর্ঘ সময়। তবুও আজও স্বীকৃতি পায়নি রাজশাহী কলেজে নির্মিত দেশের প্রথম এ শহীদ মিনার। কোনো রকমে এতদিন ধরে রাখা হয়েছে এ স্মৃতিস্তম্ভ। এটির পুনঃনির্মাণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি রাজশাহীর মানুষের প্রাণের দাবি। এ সময় অবিলম্বে বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিও জানান অধ্যক্ষ।

