চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় দুর্ধর্ষ দুই ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। রোববার গভীর রাতে নগরীর খুলশি থানার আমবাগান এলাকার পূবালী মাঠসংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ ফরিদ ও ইউসুফ। তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড গুলি, ধারালো রামদা, কিরিচ এবং চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে নগরীর আমবাগান এলাকায় একটি দুর্ধর্ষ ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের অবস্থান নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশ পুরো এলাকা ঘিরে অভিযান শুরু করে। পুলিশের অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এই অভিযানের পর পুলিশ দুই দুর্ধর্ষ ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পুলিশ সন্ত্রাসীদের ব্যবহৃত বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করে। এই ছিনতাইকারীরা চট্টগ্রাম নগরীতে ছিনতাই করতে গিয়ে একাধিক খুনের সঙ্গে জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

