মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাঁশের সাঁকো দিয়েই চলছে সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ১০ গ্রামের মানুষের যাতায়াত। ইছামতি নদীর ওপর গ্রামবাসীরাই এই সাঁকো তৈরি করে নিয়েছেন।
দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গ্রামবাসীদের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এই সাঁকো দিয়ে। ভারী মালামাল পারাপারে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ইউনিয়নের ফইনপুর, কালসুর, কানাইনগর, হাটখোলা, কৃষ্ণনগর, খারসুলসহ ১০ গ্রামের মানুষের একটাই দাবি- একটি ব্রিজ নির্মাণ।
এলাকাবাসী জানান, অনেক সময় মুমূর্ষু রোগীদের এই সেতু দিয়ে পারাপার সম্ভব হয়না। তখন রোগী নিয়ে স্বজনদের দুর্ভোগের অন্ত থাকেনা। প্রতিবছর সাঁকোটি ভেঙে গেলে গ্রামবাসীরাই স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন।
গ্রামবাসী জানান, ১টি কলেজ ২টি মাধ্যমিক ও ২টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীসহ হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। প্রত্যেকবার নির্বাচনের পূর্বে প্রার্থীরা ব্রিজটি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলেও সেটা আশ্বাসেই থেকে যায়। নির্বাচন শেষ হলে কেউই আর খবর নেয় না।
শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল আওয়াল জানান, এই সাঁকো দিয়ে রাতের অন্ধকারে নদী পারাপার গ্রামবাসীদের জন্য খুবই কষ্টের হয়ে ওঠে।
শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘ব্রিজটি নির্মাণ হলে এলাকাবাসীর কষ্ট অনেকটাই কমে যেতো।’
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিম বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন এটি। এই ব্রিজটি নির্মাণের জন্য তাদের তালিকায় অন্তর্ভুক্ত আছে। শিগগিরই ব্রিজটির করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

