সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ফেলে যাওয়া একটি প্রাইভেট কারে মিলল ১০৮ কেজি গাজার বিশাল চালান। এসব গাজা প্রাইভেট কারের পেছনের বাঙ্কারে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে আশুলিয়া সদর ইউনিয়নের বঙ্গবন্ধু রোডের পাশের একটি ঝোপ থেকে প্রাইভেট কার ও গাজা জব্দ করেছে আশুলিয়া থানা পুলিশ ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানিয়েছেন, আজ (মঙ্গলবার) ভোরে টয়োটা এক্সিও এক্স মডেলের (ঢাকা মেট্রো-গ-২০-০৪৬৭) ওই প্রাইভেট কারটি ঝোপের মধ্যে দেখতে পায় স্থানীয়রা। তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরকে জানায়। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটির মালিক কিংবা চালক কাউকে না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাশী চালালে পেছনের বাঙ্কারে প্যাকেটে প্যাকেটে সাজানো ১০৮ কেজি গাজার এই বিশাল চালানটি পাওয়া যায়।
শহিদুল ইসলাম জানান, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। বিআরটিএ থেকে এর মালিকানার তথ্য পাওয়ার পর এ ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

