নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘এক সময়’ ভদ্রলোক থাকলেও এখন অভদ্র হয়ে যাচ্ছেন বলে মনে করেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। আর কেন এই রূপান্তর, সেই প্রশ্ন রেখেছেন তিনি।
শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়ে এই প্রশ্ন রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। ‘বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার’ প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা পরিষদ নামে একটি সংগঠন।
হাছান মাহমুদ বিএনপি মহসচিবকে এই আক্রমণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বক্তব্যের জন্য। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে যাওয়া বামপন্থী বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বড় দিয়ে বেদম পিটুনিতে আহত করা হয় বেশ কয়েকজনকে।
পরদিন বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, সেটাই আওয়ামী লীগের চরিত্র। এটা ছাত্রলীগের জন্য নতুন কোনো ব্যাপার না। তারা বহুবার শিক্ষকদের মেরেছে, ছাত্র-ছাত্রীদের মেরেছে।’
এমন সমালোচনার জবাবে হাছান বলেন, ‘এই ঘটনার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে যে ভাষায় কথা বলেছেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ভদ্র লোক বলতে পারি না।’
‘তিনি ভদ্র লোকের বেশ ধরে যে শব্দগুলো উচ্চারণ করেছেন আমি সেই শব্দগুলো উচ্চারণ করতে পারছি না। তিনি যে ভাষায় কথা বলেছেন এটি কোন ভদ্র লোকের ভাষা নয়।’
হাছান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলব, আপনি ভদ্রলোক ছিলেন কিন্তু দিনে দিনে কেন অভদ্র হয়ে যাচ্ছেন এটাই আমার প্রশ্ন।’

