সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে রাকেশ (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ যশোরের শার্শা উপজেলার রামপুর ধলদা গ্রামের বিষ্ণুপদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। রাকেশের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। আহত হয় ২০জন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

