
স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নরসিংদীতে আয়োজিত ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) ড. কাজি ইকবাল আজমসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিনিধি : স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন ইউনিয়নে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে। মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র উদ্যোগে চলতি অর্থবছরে সারাদেশে ৩ হাজার লিফকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর নরসিংদীতে ২৫ জন লিফের আবাসিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।
এর আগে গত ৩০ অক্টোবর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। কোর্সের উদ্বোধনী উপলক্ষে নরসিংদীস্থ জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) ড. কাজি ইকবাল আজম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (নরসিংদী) মো. তোফাজ উদ্দিন। এছাড়া, কোর্সের প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ইতোপূর্বে এ সকল লিফকে প্রথম দফায় ২০১৫-১৬ অর্থ বছরে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। এরপর তারা মাঠ পর্যায়ে এক বছর কাজ করেছেন। মাঠে কাজ করতে যেয়ে তারা যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন, বর্তমানে রিফ্রেশার কোর্সের মাধ্যমে সেসব বিষয়ে তারা সম্যক ধারণা পাবেন। প্রকল্পের মাধ্যমে চলতি ২০১৭-১৮ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের দেশব্যাপী বিভিন্ন আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে ১২০ ব্যাচে (প্রতি ব্যাচে ২৫ জন করে) ৩ হাজার লিফকে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান গেছে।

