রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর আইডি বাগানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম মাবিয়া বেগম (৪০)। তিনি এই এলাকার দিনমজুর ভিকু মিয়ার স্ত্রী।
সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এর সঙ্গে সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন।
নিহত নারীর ভাই লিটন ও ছেলে নয়ন জানান, প্রতিবেশি জরিনার সঙ্গে মাবিয়া বেগমের দ্বন্দ্ব ছিল। মাদক ব্যবসা করতে নিষেধ করার কারণে দ্বন্দ্বের সূত্রপাত। কয়েক দিন আগে জরিনার বাড়ি থেকে পুলিশ হেরোইন উদ্ধার করে। জরিনা মনে করেন, মাবিয়া এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত।
বিষয়টি নিয়ে বিকেলে বাড়ির সামনে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় বাড়ির সামনের রেললাইন দিয়ে রাজশাহী থেকে একটি কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রেনটি কাছাকাছি এলে জরিনা বেগম ও তার মেয়ে নাজমা রেললাইনের দিকে ধাক্কা দেয় মাবিয়াকে। এর ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে জরিনা ও তার মেয়ে নাজমা পলাতক রয়েছে।
এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। তবে পরিবারের পক্ষ থেকে হত্যামামলা দায়ের করা হলে তাও গ্রহণ করা হবে।

