নিজস্ব প্রতিবেদক : আশুলিয়া থেকে গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের ২৮ সদস্যের অস্ত্র ও ডাকাতির পৃথক দুই মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-বশির মোল্যা, আলামিন বেপারী, স্বপন আলী, জাকির, মামুন, শিপন মিয়া, রফিকুল ইসলাম, আবু সাঈদ ফকির, বাবুল হক, বাহারুল ইসলাম, বাহারুল পাটোয়ারী, ইকবাল, সোহরাব মিয়া, মাসুম হাওলাদার, রোহিত সরকার, কাউছার মোহাম্মদ, মহসিন মিয়া, মেহেদী হাসান, হাবিবুর রহমান, ওয়াহিদুজ্জামান, সানাউল্লাহ বেপারী, শফিকুল ইসলাম, কাশেম, মোকছেদ, জাহিদুল ইসলাম, এনামুল হক, শাহ আলম এবং রুহুল আমিন।
অস্ত্র মামলায় এদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে ডাকাতির মামলায় ডাকাত সর্দার বশির মোল্যার পাঁচদিন ও অপর ২৭ আসামির চারদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
ডাকাতির মামলায় তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাহিদুল ইসলাম পাঁচদিনের এবং অস্ত্র মামলায় আশুলিয়া থানার এসআই মুকিব হাসান পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, দেশীয় অস্ত্রসহ ২৪টি মোবাইল ফোন সেট এবং ১০ হাজার টাকা। এ ঘটনায় ডাকাতদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাসে করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদে আশুলিয়া থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ একটি বাসকে সন্দেহ করে এবং বাসটিকে নজরদারিতে রাখে। বাসটি প্রথমে সাভার থেকে মানিকগঞ্জ যায়। পরে বাসটি যখন মানিকগঞ্জ থেকে ঘুরে সাভারের উদ্দেশে রওনা হয়, পথিমধ্যে নবীনগর বাসস্ট্যান্ডে বাসটি পৌঁছলে আশুলিয়া থানা পুলিশ বাসটি থামায়। এ সময় বাসের ভেতরে থাকা সকলকে নিচে নেমে আসতে আহ্বান জানায় পুলিশ।
একপর্যায়ে বাসের ভেতর থেকে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় পুলিশ বাসটি ও ডাকাতদের আটক করতে সক্ষম হয়।
পুলিশের অভিযোগ আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গাড়িতে যাত্রীদের উঠিয়ে টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটপাট করে আসছিল। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

