নোয়াখালী প্রতিনিধি : রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নাম করে সড়ক পথে যাওয়া-আসা এবং সভা-সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘‘রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নাম করে ঢাকা থেকে সড়ক পথে কক্সবাজার যাওয়া আসা করে মহাসড়কে সভা-সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না।’’
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবি জসীম উদদীন উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পের উদ্যোগে ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ ও উন্নয়মূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘‘খালেদা জিয়া লন্ডনে থাকা অবস্থায় বিএনপি রোহিঙ্গাদের কথা ভুলে গেছে। তারা মাঝে মধ্যে ফটোসেশন করার জন্য ত্রাণ দিয়েছেন। এখন খালেদা জিয়া দেশে ফিরে এসে সড়ক পথে রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিতে যাবেন। সড়ক পথে তাদের যাওয়া আসার মধ্যে রাজনীতির উৎকট গন্ধ পাওয়া যাচ্ছে।’’
ত্রাণ দেওয়ার নামে চট্টগ্রামে যাওয়ার গুরুত্বপূর্ণ মহাসড়কে মানুষকে দুর্ভোগে না ফেলতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ করেন ওবায়দুল কাদের।
অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘‘নির্বাচন কমিশনের সঙ্গে তারা সংলাপ শেষে খুশি খুশি ভাব নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ১০ দিন না যেতেই ১৫ অক্টোবর থেকে বিএনপি হতাশায় ডুবে যাচ্ছে। তারা এখন বলছেন নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ লোক দেখানো।’’
মন্ত্রী অনুষ্ঠান শেষে কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

