
খাদ্য মেলা-২০১৭ এর উদ্বোধন করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এ সময় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক : ‘অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও’ এ প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও)’র উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উদযাপন ও খাদ্য মেলা-২০১৭ এর আয়োজন করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে আ. কা. মু. গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বরে আজ ১৬ অক্টোবর হতে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ৩দিনব্যাপি খাদ্য মেলা শুরু হয়েছে।
এদিন অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আ. কা. মু. গিয়াস উদ্দীন মিলকী অডিটোরিয়াম চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বিকাল আড়াইটায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে খাদ্য মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। এরপর মন্ত্রী বিকাল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে প্রতিপাদ্যের ওপর আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন। তিনি এ সময় বলেন, বাংলাদেশের কৃষি সেক্টরে একটি নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে। এ বিপ্লব শুরু করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে এ বিপ্লবের নেতা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং এ বিপ্লবের সফল রূপকার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মন্ত্রী আরও বলেন, আমাদের কৃষির সোনালী সম্ভাবনাকে এগিয়ে নিতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কৃষিতে গবেষণার বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষিতে উন্নত গবেষণার ফলে আমরা খদ্য উৎপাদনে এগিয়ে গিয়েছি এবং বিশ্বে বাংলাদেশ একটি মডেল হিসেবে পরিণত হয়েছে। এ সময় তিনি কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।
সেমিনারের প্রধান বক্তা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করে আমাদের কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের কৃষকের অদম্য মনোবলের কারণে আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে কৃষিকে সমৃদ্ধ করতে পেরেছি। এ বছর পর পর বন্যার কারণে খাদ্য উৎপাদনে কিছু সমস্যা হয়েছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সরকার বিভিন্ন ধরণের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি অব্যাহত রেখেছে।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি ও এফএও বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ডেভিড ডব্লিউ ডোলন। সেমিনারে আরো বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আবদুল মান্নান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রতিপাদ্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল মান্নান আকন্দ। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র নির্বাহী চেয়ারম্যান ড. ভাগ্য রানী বণিক। কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বিজ্ঞানী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট আরো অনেকে সেমিনারে অংশগ্রহণ করেন।

