কুষ্টিয়া প্রতিনিধি : কারচুপি আর ষড়যন্ত্রের ভোট করতো বলেই আগামী সংসদ নির্বাচনে বিএনপি ইভিএম পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সোমবার সকালে কুষ্টিয়া মেডিকেলের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় থাকতে বিএনপি এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। কিন্তু এদেশের জনগণ তা করতে দেয়নি।
বিএনপির সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, সংবিধানের মধ্যে কোথাও সংসদ ভেঙে দেয়ার কথা বলা নেই, সংবিধানে আছে বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন করার এবং বর্তমান সরকার কমিশনকে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
এর আগে হানিফ র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

