নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু তালহা (২১) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সুত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হয়ে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাওয়ার সময় টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আবু তালহা ওই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কুমিল্লার বড়ুরা উপজেলা নূর উদ্দিন খন্দকারের ছেলে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ৬টায় বাসা থেকে বের হয়ে রিকশায় করে তিনি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

