নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের সুপারিশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
সেই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সংসদ নির্বাচনের সূচি যাতে ভণ্ডুল না হয় সেজন্য সরকারের কাছে সুপারিশ করতে পরামর্শ দিয়েছে দলটি।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংলাপ শেষে আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপে ইসির কাছে ১৪ দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে। সংসদ নির্বাচনে ভোট দিতে না পারলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়বে। এমনিতে রোহিঙ্গা ইস্যুতে আমরা সংকটে পড়ে গেছি। ভোটারবিহীন নির্বাচন সে সংকটকে আরো উসকে দেবে।’
লিখিত প্রস্তাবে বলা হয়, ‘রোহিঙ্গা ইস্যুতে যাতে নির্বাচনের অনুষ্ঠানের সূচি ভণ্ডুল না হতে পারে সেজন্য একদিকে সমস্যার স্থায়ী সমাধান ও অন্যদিকে উন্নয়ন ত্বরান্বিত করার স্বার্থে উপ আঞ্চলিক জোট গঠনের কূটনীতি জোরদার করতে হবে।’ এর জন্য ইসি সরকারের কাছে সুপারিশ করতে পারে বলে উল্লেখ করেন জেএসডি সভাপতি।
সংলাপে জেএসডির লিখিত প্রস্তাব উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
জেএসডির অন্য দাবিগুলো হচ্ছে- ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন, তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়া, ইসির স্বাধীন ভূমিকা নিশ্চিত, প্রবাসীদের ভোটাধিকার, না ভোটের বিধান চালু, তিন মাস আগে মামলা নিষ্পত্তি, সবার জন্য সমান সুযোগ তৈরি, সব ভোটারদের এনআইডি কার্ড সরবরাহ, দলের অঙ্গ সংগঠন না থাকার বিধান কার্যকর, সব প্রার্থীকে এক মঞ্চে প্রচারণার ব্যবস্থা করা।’

