
সিরাজগঞ্জে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক, এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি : স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নাটোর ও সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র উদ্যোগে লিফদের এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। গতকাল ৫ অক্টোবর এই দুই জেলার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নাটোর : নাটোরের মৎস্য বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আবাসিক প্রশিক্ষণ কোর্সে ২৫ জন লিফ অংশগ্রহণ করছেন। তাদেরকে মৎস্য চাষ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কোর্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক। নাটোরের জেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, খামার ব্যবস্থাপক ওয়ালিউল, কোর্সের প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে এখানে নির্মাণাধীন প্রশিক্ষণ ভবন পরিদর্শন করেন প্রকল্প পরিচালক। আন্তর্জাতিকমানের এ প্রশিক্ষণ ভবনটির নির্মাণকাজ প্রায় ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। দোতলা বিশিষ্ট এ ভবনটিতে আগামী নভেম্বর মাস থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।
সিরাজগঞ্জ : একইদিন সিরাজগঞ্জের নিমগাছি মৎস্য হ্যাচারির প্রশিক্ষণ কেন্দ্রে লিফদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্ত মোজাম্মেল হক, কোর্সের প্রশিক্ষকসহ আরো অনেকে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউনিয়ন পর্যায়ে মৎস্য অধিদপ্তরের স্থায়ী কোনো জনবল নেই। তাই দেশের গ্রামীণ পর্যায়ে চাষিদের মৎস্য চাষ সংক্রান্ত যেকোন সমস্যা বা পরামর্শের ক্ষেত্রে লিফদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক ও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে লিফদের দক্ষতা বৃদ্ধি করা গেলে তারা দেশের মৎস্য সম্পদের উন্নয়নে আরো অবদান রাখতে পারবেন বলে আশা করছেন তারা।

