
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালায় সংস্থার উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীনসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্যোগে ফরিদপুরের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর ডিএই’র ফরিদপুরস্থ উপ-পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এ অঞ্চলের বন্যা পরবর্তী ফসল ব্যবস্থাপনা, পুষ্টি চাহিদা পূরণসহ চলতি অর্থবছরে (২০৭-১৮) বাস্তবায়িতব্য বিভিন্ন কার্যক্রম এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান, ডিএই’র যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডিদাস কুন্ডু এবং খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস। এছাড়া, কৃষি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও কৃষক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কর্মশালায় ২০১৭-১৮ অর্থবছরে ফরিদপুর অঞ্চলে প্রকল্প কর্তৃক বাস্তবায়িতব্য বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বন্যা পরবর্তী ফসল ব্যবস্থাপনা এবং পুষ্টি চাহিদা মোকাবেলায় চাষিদের করণীয় বিষয়েও পরামর্শ প্রদান করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিগত বছরে এ অঞ্চলে প্রকল্পের কর্মকা- বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরেন এবং চলতি বছরের কার্যক্রমগুলো কিভাবে আরো সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে তাদের পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।

