
রাজশাহীতে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক, এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র উদ্যোগে দেশব্যাপী স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি বা লিফদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে এবং ৫ অক্টোবর রাজশাহীতে লিফদের দক্ষতা উন্নয়ন বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরস্থ মৎস্য অধিদপ্তরের মৎস্য হ্যাচারিতে ২৫ জন লিফের অংশগ্রহণে ৭ দিনের আবাসিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। গত ৪ অক্টোবর কোর্সের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক। রাজশাহী বিভাগের উপপ্রকল্প পরিচালক রেজাউল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক এবং পার্বতীপুরের মৎস্য প্রশিক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
রাজশাহী : গতকাল ৫ অক্টোবর রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ২৫ জন লিফের অংশগ্রহণে ৭ দিনের আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক। এ সময় উপপরিচালক (রাজশাহী) আব্দুল ওয়াদুদ, জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, ঊর্ধ্বতন সহকারী পরিচালক এবং কোর্সের প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইতোপূর্বে এ সকল লিফকে প্রথম দফায় ২০১৫-১৬ অর্থ বছরে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। এরপর তারা মাঠ পর্যায়ে এক বছর কাজ করেছেন। মাঠে কাজ করতে যেয়ে তারা যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন, বর্তমানে রিফ্রেশার কোর্সের মাধ্যমে সেসব বিষয়ে তারা সম্যক ধারণা পাবেন। প্রকল্পের মাধ্যমে চলতি ২০১৭-১৮ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের দেশব্যাপী বিভিন্ন আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে ১২০ ব্যাচে (প্রতি ব্যাচে ২৫ জন করে) ৩ হাজার লিফকে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান গেছে।

