স্পোর্টস ডেস্ক : অবশেষে মারিয়া শারাপোভাকে হারালেন সিমোনা হালেপ। রুশ তারকাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রোমানিয়ান এই তরুণী।
দ্বিতীয় বাছাই হালেপ বুধবার শেষ ষোলোতে ৭২ মিনিটের লড়াইয়ে শারাপোভাকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন। অষ্টমবারের চেষ্টায় শারাপোভার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেলেন ২৬ বছর বয়সি রোমানিয়ান টেনিস খেলোয়াড়।
গত আগস্টে শারাপোভার কাছে হেরেই ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন হালেপ। বেইজিংয়ে শারাপোভাকে হারিয়ে সেটার একটা প্রতিশোধও তিনি নিলেন। দুজনের হেড টু হেড পরিসংখ্যানটা দাঁড়াল এখন- শারাপোভা ৭ : ১ হালেপ।
ম্যাচ শেষে হালেপ বলেছেন, ‘এটা দারুণ একটা ম্যাচ ছিল। আমার মনে হয়, আমার সেরা টেনিসটা খেলেছি তার বিপক্ষে। তার বিপক্ষে এটা আমার প্রথম জয়। আমি মুহূর্তটা উপভোগ করতে চাই।’
১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা শেষে গত এপ্রিলে প্রতিযোগিতামূলক টেনিসে ফেরেন ৩০ বছর বয়সি শারাপোভা। ২০১৪ সালে চায়না ওপেন জয়ের পর এবারই প্রথম এই প্রতিযোগিতায় অংশ নিলেন। এ বছর প্রথমবার সরাসরি সেটে হারলেন রুশ কন্যা।

