নিজস্ব প্রতিবেদক : সরকার রোহিঙ্গাদের নিয়েও রাজনীতি করছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘প্রাণ ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে বিএনপি নয় রাজনীতি করছে আওয়ামী লীগ এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’
বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামের একটি সংগঠন।
তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনো কক্সবাজারে অবস্থান করে আনুষ্ঠানিকভাবে ব্যানার নিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। কিন্তু আমরা করতে গেলে বলছেন, ‘স্থানীয় জেলা প্রশাসককে প্রধান করে একটি টিমের মাধ্যমে আমরা বিতরণ করছি।’ অথচ আমাদের সেই গেটের সামনেই যেতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল রোহিঙ্গাদের মাঝে কোনো কর্মকাণ্ড করতে পারছে না। ওবায়দুল কাদের রোহিঙ্গাদের নিয়েও রাজনীতি করছেন। বিএনপি কোনো রাজনীতি করছে না।”
নোমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে। আমরা মনে করি বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট। আর সেই ব্যালট প্রতিষ্ঠার পরিবেশ আমাদেরই করতে হবে। এই পরিবেশ আলোচনার মাধ্যমেও তৈরি হতে পারে যদি আলোচনায় সমাধান না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সেই পরিবেশ তৈরি করতে হবে। কারণ জনগণ আমাদের দিকে চেয়ে আছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেশে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গরে তুলতে হবে এবং জনগণের সাথে ঐক্যের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। কারণ, এই অবৈধ সরকার চায় এমন নির্বাচন, যে নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে।’
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘হান্নান শাহের মৃত্যু আকস্মিকভাবে হয়েছে। এত তাড়াতাড়ি তিনি আমাদের মাঝ থেকে চলে যাবেন আমরা কল্পনাও করতে পারিনি। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা এ কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সংগঠনের সভাপতি এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, ছাত্রদলের সহসভাপতি মামুন বিল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসানুল হুদা, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আলামিন খান, সাংগঠনিক সম্পাদক মুসা ফরাজী প্রমুখ।

