নিজস্ব প্রতিবেদক : ঈদের পর থেকে গুম ও গ্রেপ্তার ‘বৃদ্ধি পেয়েছে’ দাবি করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি ভিন্ন দিকে নিতেই এগুলো করা হচ্ছে।’
গুম ও গ্রেপ্তারের ঘটনার নেপথ্যে সরকারের ‘খারাপ উদ্দেশ্য এবং ষড়যন্ত্র’ রয়েছে বলে মনে করেন বিএনপির এই নেতা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি ও অন্যান্য সামাজিক সংগঠন রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে শরণার্থী শিবিরে যাতে যেতে না পারে, সরকার সে ব্যবস্থাও করেছে। অর্থাৎ অং সান সু চির কর্মকাণ্ডের সঙ্গে শেখ হাসিনার কর্মকাণ্ডের কোনো গরমিল নেই।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার অত্যন্ত নিষ্ঠুরভাবে বিএনপির টিমের ত্রাণ কার্যক্রমে বাধা দিয়েছে। কক্সবাজার বিএনপি অফিসের সামনে আমাদের ২২ থেকে ২৩ ট্রাক ত্রাণ আটকে দেওয়া হয়েছে। রোহিঙ্গারা আরও নির্যাতিত হোক, ওরা মরে যাক, ওদের কোনো সহায়তা করা হবে না- এই নীতিতে সরকার চলছে।’
রোহিঙ্গা নির্যাতনের অ সাং সু চির নিরবতার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘সু চির বাবা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েছিলেন। অং সান সু চি আজ পিতার মতামতকে লঙ্ঘন করে পিশাচদের পথ অবলম্বন করেছেন। আর এটার সভাপতিত্ব করছেন অং সান সু চি নিজে এবং পরিচালনা করছেন শেখ হাসিনা।’
আয়োজক সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মাদ রহমত উল্লাহ, অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।

