নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিপীড়ন বন্ধের দাবিতে পূর্বঘোষিত র্যালি শেষে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে রোহিঙ্গা নিপীড়ন বন্ধ এবং তাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে না নিলে সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টায় মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে।
ইমরান এইচ সরকার বলেন, সরকারকে জাতীয় নিরাপত্তা ও মানবিকতার বিষয় মাথায় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ দুই বিষয় মাথায় রেখে সরকারকে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানাই।
তিনি বলেন, মিয়ানমারে ক্ষমতায় রয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় এ ধরনের ঘটনা নোবেল কমিটি এবং পৃথিবীর মানুষের জন্য লজ্জার। নোবেল কমিটির কাছে দাবি জানাই, যে শান্তির নোবেল অশান্তি সৃষ্টি করছে, তা স্থগিত করা হোক।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, যারা মানবতা নিয়ে কথা বলে, তারা আজ নিশ্চুপ। যারা মিয়ানমারের এ গণহত্যাকে সমর্থন করছে তারা জাতিসংঘের মানবাধিকার সনদকে অবমাননা করছে। তাই আমাদের উচিত হবে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান গণহত্যার চিত্র বিশ্বের মানুষের কাছে তুলে ধরে জনমত তৈরি করা। যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের ভূমির অধিকার ফিরে পায়।
এর আগে শাহবাগ জাদুঘরের সামনে থেকে একটি র্যালি শেরাটন হোটেলের মোড় ঘুরে পুনরায় জাদুঘরের সামনে এসে শেষ হয়।

