নিজস্ব প্রতিবেদক : বিএনপি ভিন্নপথে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন সফল হবে না। নির্বাচনে জিতবে না এমনটা জেনেই তারা দিশেহারা হয়ে ভিন্নপথ অবলম্বন করছে।’
বৃহস্পতিবার রাজধানীর ফকিরাপুলে শান্তি পরিবহনের এসি বাসের উদ্বোধনের সময় নৌমন্ত্রী এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, জঙ্গিদের ক্ষমতায় আনতে বিএনপি গত নির্বাচনে তিন হাজার গাড়ি পুড়িয়ে অনেক মানুষকে হত্যা করেছিল বিএনপি। সন্ত্রাসী দল হওয়ায় জনগণ তাদের প্রতাখ্যান করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ ও শান্তি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আবুবকর সিদ্দিক।
খাগড়াছড়ি পার্বত্য জেলাসহ পর্যটন এলাকা কক্সবাজার ও টেকনাফের জনগণের সেবা দিতে নতুন এই বাস সার্ভিস ভূমিকা রাখবে বলেও বক্তারা জানান।

