
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর মতিঝিলস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : প্রতি বছর ১২ আগস্ট জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এ দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর আন্তর্জাতিক যুবদিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘শান্তি প্রতিষ্ঠায় যুবসমাজ’। দিনটি পালন উপলক্ষে রাজধানীর মতিঝিলস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়।
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোফাজ্জল হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (বাস্তবায়ন) মো. আখতার আলী সরকার, উপ-পরিচালক (প্রকাশনা) মো. রবিউল আলম, কর্মচারি লীগের (যুব উন্নয়ন অধিদপ্তর) সভাপতি আবুল কালাম আজাদ এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।
তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা নিয়ে যুব সমাজ শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকান্ডে যুবদের অংশগ্রহণ সমাজে শান্তি, ন্যায় বিচার ও সমঝোতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে।

