বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’ নামে পরিচিত তেলেগু অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার সাফল্যের পর রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলরদের একজন এ অভিনেতা। অনেকদিন ধরেই তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে খুব শিগগির বিয়ের পরিকল্পনা নেই প্রভাসের।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রভাস বলেন, ‘এই মুহূর্তে আমার নারী ভক্তদের চিন্তার কোনো কারণ নেই। আমি বিয়ে করছি না। এমনকি আমি এটি নিয়ে ভাবছিও না। আমি খুবই খুশি যে, অনেক মানুষ আমাকে পছন্দ করে।’
বাহুবলি সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করেন আনুশকা শর্মা। এছাড়াওমির্চি (২০১৩) সিনেমায় জুটি বেঁধেছিলেন প্রভাস-আনুশকা। বক্স অফিসে ভালো সাড়াও ফেলেছিল অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি। তবে তারা প্রথম জুটিবদ্ধ হন ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বিল্লা সিনেমায়। পর্দায় তাদের রসায়ন এতটাই প্রাণবন্ত যে গুঞ্জন শোনা যায়, আনুশকা শর্মাকেই বিয়ে করছেন প্রভাস।
এ প্রসঙ্গে প্রভাস বলেন, “আমি আসলে এমনটাই আশা করছিলাম। একই অভিনেত্রীর সঙ্গে একাধিক সিনেমায় কাজ করলে মানুষ এ ধরনের গুঞ্জন ছড়ায়। এটা আমার জন্য এখন একটি স্বাভাবিক ঘটনা। আগে আমার খুব খারাপ লাগত, ভাবতাম, ‘তারা কীভাবে এমনটা লেখে?’ কিন্তু এ ধরনের লেখা এখন আমার ওপর কোনো প্রভাব ফেলে না। আমি এগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি।”
বাহুবলি সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো। সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস জানান, মেয়ে বন্ধু নয় তার চিন্তায় এখন শুধুই সিনেমা। আর সাহো সিনেমা নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত।

