
প্রশিক্ষণার্থীদের একাংশ ও আমন্ত্রিত অতিথিদের সাথে টেকাব প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হাছান খান
নিজস্ব প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের তত্ত্বাবধানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক আবুল হাছান খান।
গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) পরিদর্শনে আসেন তিনি। এর আগে ১ আগস্ট মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরিদর্শনকালে আবুল হাছান খান অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের ঁেখাজখবর নেন; প্রশিক্ষণ বিষয়ে তাদের সাথে কথা বলেন এবং প্রশিক্ষণ গ্রহণের পর তা কিভাবে ব্যবহারিক জীবনে প্রয়োগসহ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে সে বিষয়েও পরামর্শ দেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো. এনায়েত করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাঈদ মো. শাহীনুর খান, কোর্সের প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী।
উল্লেখ্য, ‘লড়ছে যুব লড়বেই, ডিজিটাল বাংলাদেশ গড়বেই’-এই স্লোগান সামনে রেখে কার্যক্রম বাস্তবায়ন করছে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব প্রকল্প। দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব নারীদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে ১ মাস মেয়াদি আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রকল্পটির মাধ্যমে।

