নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্প। এই প্রকল্পের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ ৭টি মোবাইল ভ্যানে উপজেলা পর্যায়ে যুব ও যুব নারীদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত ১ আগস্ট মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ কামরুজ্জামান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরচিালক (জামালপুর) মো. এনায়েত করিম। কোর্সের প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশীও এ সময় উপস্থিত ছিলেন।

