স্পোর্টস ডেস্ক : আসেলা গুনারত্নের ইনজুরিতে কপাল খুলল লাহিরু থিরিমান্নের। ১৩ মাস পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। কলম্বো টেস্টের জন্য থিরিমান্নেকে দলে ডাক দেওয়া হয়েছে। থিরিমান্নের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে চায়নাম্যান লাকশান সান্দাকান। তাকে সুযোগ দেওয়া হয়েছে পেসার সুরঙ্গা লাকলামের জায়গায়।
কলম্বো টেস্টের জন্য শক্তিশালী স্পিন অ্যাটাক তৈরি করেছে লঙ্কানরা। চতুর্থ স্পিনার হিসেবে সান্দাকানকে দলে নেওয়া হয়েছে। আগের থেকে দলে আছেন রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা এবং মালিন্দা পুস্পাকুমারা।
এসিসিতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন দিনেশ চান্দিমাল। নিউমোনিয়ার কারণে প্রথম টেস্ট মিস করেছিলেন শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক।
২০১৩ এবং ২০১৬ সালে লঙ্কান দলে নিয়মিত ছিলেন থিরিমান্নে। কিন্তু ২০১৬ সালে দল থেকে বাদ পড়েন অফ ফর্মের কারণে। এরপর ঘরোয়া টুর্নামেন্টেও ভালো করতে পারেননি বাঁহাতি এ ব্যাটসম্যান। গত মাসে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫৯ রান করেছিলেন। অন্যদিকে চায়নাম্যান সান্দাকান পাঁচ টেস্টে নিয়েছেন ১৫ উইকেট।
চার স্পিনারের সঙ্গে তিন পেসার রয়েছে লঙ্কান দলে। নুয়ান প্রদীপ, ভিশয়া ফার্নান্দো এবং লাহিরু কুমারা পেস আক্রমণ সামলাবেন।
দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুউস, উপল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, নিরোশন ডিকভেলা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, লাহিরু কুমারা, ভিময়া ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, মালিন্দা পুস্পাকুমারা, লাকশান সান্দাকান ও লাহিরু থিরিমান্নে।

