
যশোর-২ আসনের এমপি এড. মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন
নিজস্ব প্রতিনিধি : যশোর-২ আসনের এমপি এড. মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে চৌগাছা উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ড, হামলা ও দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে যশোর প্রেসক্লাবে চৌগাছা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এমপি মনিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।
ইব্রাহিম হোসেন বলেন, গত ১৮ জুলাই এমপি’র পোষ্য ক্যাডার গলাকাটা শামীম, ফয়সাল, জঙ্গু, ইমরানসহ ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে চৌগাছা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেনের পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক (৬৮) কে পিটিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা হাসাপাতালে চিকিৎসাধীন। এমপির’র প্রত্যক্ষ মদদে এই সন্ত্রাসীরা কিছুদিন আগে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল মাস্টার, স্বরূপদাহ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হোসেন, আওয়ামী লীগ নেতা খোকনসহ আরো অনেক নেতাকর্মীকে পিটিয়ে জখম করে। তিনি অভিযোগ করেন, এসব সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক মামলা হলেও পুলিশ এদের আটক করে না। কারণ, তারা গলাকাটা শামীমের নেতৃত্বে চলা এমপি এড. মনিরের পোষা সন্ত্রাসী।
তিনি আরো অভিযোগ করেন, এমপি মনির বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চৌগাছার পাতিবিলা ও হাকিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী পছন্দ না হওয়ায় প্রকাশ্যে বিএনপি’র প্রার্থীদের সমর্থন ও প্রশাসনিক সহায়তা দিয়ে বিজয়ী করতে সাহায্য করেন। তিনি বলেন, উপজেলা ছাত্রলীগ শুধু নয়; আওয়ামী লীগ নেতাদের উপরও এই বিতর্কিত এমপি মনির মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান রাজুসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

