
প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে পাট এবং কলাগাছের আঁশের সংমিশ্রণে ডাইভারসিফাইড প্রোডাক্ট তৈরির লক্ষ্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এবং বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্ট এগ্রো লিমিটেড সমঝোতা চুক্তি স্বাক্ষর করে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এবং বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্ট এগ্রো লিমিটেড প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে পাট এবং কলাগাছের আঁশের সংমিশ্রণে ডাইভারসিফাইড প্রোডাক্ট তৈরি করবে। গত ১৫ জুন প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম এবং ওয়েস্ট এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের পক্ষে পরিচালক (জুট-টেক্সটাইল) ড. মো. আবুল কালাম আজাদ এবং ওয়েস্ট এগ্রো লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহ্মুদুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সমঝোতার ফলে প্রতিষ্ঠান দু’টি প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কলাগাছের আঁশ ও পাট আঁশের সমন্বয় ঘটিয়ে নতুন নতুন পণ্য উৎপাদন করবে। অনুষ্ঠানে বিজেআরআই’র পরিচালক (কারিগরি) ড. মো. আসাদুজ্জামান, পরিচালক (কৃষি) ড. রহিমা খাতুন, সিএসও মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. এস, এম, মাহবুব আলীসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

