ঢাকাFriday , 16 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় বড় কথা না বলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বসে বিএনপি নেতাদের বড় বড় কথা না বলে পার্বত্য অঞ্চলের ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ । শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাছান মাহমুদ। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামে একটি সংগঠন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা ঢাকায় বসে বক্তব্য দিচ্ছেন। বড় বড় কথা বলছেন। দুর্গত এলাকায় যাচ্ছেন না। তাদের উচিত ছিল ঢাকায় বসে বড় বড় কথা না বলে পার্বত্য অঞ্চলের ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়ানো। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে আছেন। তবুও দুর্গতদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন তিনি। তার নির্দেশে আমাদের দলের সাধারণ সম্পাদকসহ অনেকেই দুর্গত এলাকায় গিয়েছেন। আমি নিজেও গিয়েছি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারাই শুধু নয়, স্থানীয় নেতারাও দুর্গতদের পাশে নেই। তারা শুধু বড় কথা বলতে পারেন।আলোচনা সভার প্রধান বক্তা খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, চাল আমদানির ওপর ট্যাক্স প্রত্যাহার করা উচিত। এতে চালের দাম নিম্নমুখী হবে। কেউ আর কৃত্রিম সংকট তৈরির সুযোগ পাবে না।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, কবি কাজী রোজী এমপি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রমুখ।