স্পোর্টস ডেস্ক : রেকর্ড দশমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে একক কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় শিরোপা-সংখ্যা দুই অঙ্কে নিলেন স্প্যানিশ তারকা। প্যারিসের ফাইনালে রোববার দুই ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে সুইস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১ গেমে হারিয়ে শিরোপা উৎসবে মাতেন নাদাল।
২০১৪ সালের পর এই প্রথম রোলা গাঁরোতে শিরোপা জিতলেন নাদাল। সব মিলিয়ে ৩১ বছর বয়সি তারকার এটি ১৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ১৯৭৩ সালের পর সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠা ভাভরিঙ্কা এই প্রথম কোনো বড় প্রতিযোগিতার ফাইনালে হারলেন। আগের তিনবার তিনি শিরোপা জিতেছিলেন।

