নিজস্ব প্রতিবেদক : নানা কৌশলে হেফাজতে ইসলামকে বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতিবিরোধী সাম্প্রদায়িক অপচেষ্টার বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের কর্মসূচিতে এ মন্তব্য করেন। সম্মিলিত সাংস্কতিক জোট কর্মসূচির আয়োজন করে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের সঙ্গে কখনো আপস নয়। আমরা অসাম্প্রদায়িক চেতনায় সোচ্চার। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এ অপশক্তিকে প্রতিহত করতে হবে।
নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার। তাদের কাছ থেকে এমন কিছু তো কখনো আশা করতে পারিনি। কাদের ইন্ধনে সরকার এ অপচেষ্টায় লিপ্ত হচ্ছে? তেঁতুল হুজুরকে পুষতে গিয়ে সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। এটা আমরা কখনো মেনে নেব না।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মান্না দে বলেন, মৌলবাদীদের সঙ্গে আপস করে, রাজনীতি করে কেউ কখনো সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রাক্তন সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, শক্তি দিয়ে সব কিছুকে মূল্যায়ন করা যায় না। সরকারের প্রতি আমাদের অনেক আশা ছিল। কিন্তু সরকার আমাদের হতাশ করেছে। এদেশের সংস্কৃতিকর্মীরা সব সময় অন্যায়-অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছে ভবিষ্যতেও করবে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই এ অপসংস্কৃতিকে ধুলায় মিশিয়ে দিতে পারব।
সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারন সম্পাদক হাসান আরিফ বলেন, আমরা যখন নতুন প্রজেন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনার সমর্থন পাচ্ছি সে মুহূর্তে সরকারের সমর্থন পাচ্ছি না। এটা খুবই হতাশাজনক। আজকে পাঠ্যবইয়ে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মৌলবাদী চেতনার বিকাশ ঘটানো হচ্ছে। সংস্কৃতিকর্মীদের সুপরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে।
শিল্পী ফকির আলমগীর বলেন, ধর্মীয় অপব্যাখ্যার বেলায় বড় দুই রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। আমাদের সকলকে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সভাপতির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, আমরা সরকারের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কারো সমঝোতা চাই না। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করুন। জনগণই আপনাদের পুনরায় ক্ষমতায় আনবে।
এ সময় সংস্কৃতি ক্ষেত্রে বাজেট বাড়নোর দাবি জানান গোলাম কুদ্দুছ। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানান তিনি।

