নিজস্ব প্রতিনিধি : ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’-এই শ্লোগান সামনে রেখে যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর। সংস্থাটির ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ’ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে আইসিটি মোবাইল ভ্যানে বেকার যুব ও যুব মহিলাদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে একমাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় গত ১ জুন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজালাল মিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (নারায়ণগঞ্জ) এ কে এম আবদুল্লাহ ভূঞা, সহকারী পরিচালক মো. সেলিমুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই আ ম মামুন মজুমদারসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
৪০ জন প্রশিক্ষণার্থীকে ৪টি ব্যাচে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী এবং সহকারী প্রশিক্ষক ইব্রাহিম মোল্লা।
উল্লেখ্য, আইসিটি মোবাইল ভ্যানটিতে ১০টি সর্বাধুনিক ল্যাপটপ, প্রজেক্টর, ওয়াইফাই রয়েছে যার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা হাতে কলমে কোর্সের প্রশিক্ষণ নিতে পারছেন যাতে করে তারা প্রশিক্ষণ শেষে দক্ষ আত্মকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন।
কালিগঞ্জে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ : এদিকে, গাজীপুরের কালিগঞ্জে মে মাসে শুরু হওয়া আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ উপজেলার প্রশিক্ষণার্থীদের মাঝে গত ৩১ মে সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. মুশফিকুর রহমান।

