নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। পবিত্র রমজান মাসেও এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে বরখাস্তের প্রতিবাদে ও সব নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনটি আয়োজন করে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নামে একটি সংগঠন।
গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে চুরির বাজেট আখ্যা দিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, বর্তমান ‘অবৈধ সরকার’ আগামী দিনে আবার লুটপাট করার জন্য গতকাল উচ্চাভিলাষী বাজেট দিয়েছে। এটা সাধারণ জনগণের বাজেট নয়। বাংলাদেশের টাকা চুরি করে সরকারের এমপি-মন্ত্রীদের বিদেশে বাড়ি করার বাজেট।
বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার বলেন, যতই সহায়ক সরকারের কথা বলা হোক না কেন, আন্দোলন করতে না পারলে এই দেশের আমলারা ভোটের সময় শেখ হাসিনার পক্ষেই কাজ করবে।
আয়োজক সংগঠনের সভাপতি ওমর ফারুক সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবেদ রাজা, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সচেতন নাগরিক সংস্কৃতির সভাপতি হাবিবুর রহমান বিপ্লব, বাংলাদেশ গণ ঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ প্রমুখ।

