নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী মো. দেলোয়ার হোসেন মোল্লা গত ২৫ মে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি বিসিএস (কৃষি) ক্যাডারের ৬ষ্ঠ ব্যাচের (১৯৮৪) কর্মকর্তা। বিসিএস পরীক্ষায় বিসিএস কৃষি, মৃত্তিকা বিজ্ঞানে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।
মো. দেলোয়ার হোসেন মোল্লা চাঁদপুর সদর উপজেলার লালপুর গ্রামে ১৯৫৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ১৯৮০ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮১ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। এরপর আইটিসি নেদারল্যান্ডস থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি এসআরডিআই-এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে দেশ বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন।

